![]()
চট্টগ্রামের চাঁদগাও এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একদল হিজড়া পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, বিয়ের সাজানো গাড়ি দেখলেই ওই ব্যক্তিরা গাড়ি থামিয়ে বড় অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অশ্লীল ভাষায় গালাগালি, অশোভন আচরণ এবং যাত্রীদের বিব্রত করার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও এলাকাবাসীর দাবি, পথচারী ও স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণ, শিশুদের ভয়ভীতি দেখানো এবং জনসমক্ষে আপত্তিকর কর্মকাণ্ডের ঘটনাও ঘটছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুরাও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য, চাঁদগাও এলাকায় একাধিক স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এসব সড়ক ব্যবহার করে। এমন পরিস্থিতি শিশু-কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬:২০:৪৮ ৭৬ বার পঠিত |