![]()
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে এবং কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মো. মনির মোল্যা ও বিল্লাল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত ৮টার দিকে মনির মোল্যার সমর্থক রুহুল ফকির ও বিল্লাল মুন্সির সমর্থক আহাদ মুন্সির মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে খবর পেয়ে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৬:১০:২৩ ৩৩ বার পঠিত |