লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ মে ২০২৬
প্রথম পাতা » খেলা » নতুন ঝামেলায় জড়ালেন নেইমার

নতুন ঝামেলায় জড়ালেন নেইমার


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


নতুন ঝামেলায় জড়ালেন নেইমার

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না নেইমারের। এর মাঝে বাধিয়েছেন নতুন ঝামেলা। অনুশীলনে সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধর করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। এ নিয়ে তদন্তও শুরু করেছে তার ক্লাব সান্তোস।

সান্তোসের বিবৃতিতে বলা হয়েছে, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে।’

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনিও জুনিয়র অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার।

রাগের মাথায় নেইমার রবিনিও জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন আরও জানিয়েছে, ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি রবিনিও জুনিয়রকে ফোন করেন এবং যা ঘটেছে, সে জন্য রবিনিওর পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন।

ব্রাজিলের গণমাধ্যম বলছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন।

রবিনিও জুনিয়রের অভিযোগ, নেইমার তাঁকে লক্ষ্য করে ‘অপমানজনক গালি’ দিয়েছেন, ল্যাং মেরেছেন এবং মুখে ‘জোরে চড়’ মেরেছেন।

ব্রাজিল জাতীয় দলে রবিনিও জুনিয়রের বাবার সঙ্গে একসাথে খেলেছেন নেইমার। গত গ্রীষ্মে ক্লাবের মূল দলে সুযোগ পান রবিনিও জুনিয়র। মৌসুমে  সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচ খেলেছেন তিনি।

নেইমার দীর্ঘ দিন ধরে লড়ছেন চোটের সঙ্গে। ফিটনেসের ঘাটতির কারণে আসবে বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত। সবশেষ তিনি জাতীয় দলে খেলেছেন ২০২৩ সালে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৩   ৩৫ বার পঠিত  |