লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শনিবার, ২ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি চট্টগ্রাম সমুদ্রবন্দর তার অপারেশনাল ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে বন্দর কর্তৃপক্ষ। মাত্র ২০ দিনের ব্যবধানে নিজেদের আগের রেকর্ডটি ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছাল এই টার্মিনাল।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্ধারিত ২৪ ঘণ্টায় এনসিটি টার্মিনালে মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউস হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ডটি করা হয়েছিল। টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনায় এই অর্জন সম্ভব হয়েছে।

শুধু এনসিটি নয়, একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করার কৃতিত্ব দেখিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দরের সামগ্রিক সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধির এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই গৌরবময় অর্জন সম্পর্কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘এই রেকর্ড বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করবে।’

তিনি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রখর রোদ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কাজ করে যাওয়া শ্রমিকদের।

তিনি উল্লেখ করেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং সব স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টাই এই মাইলফলক অর্জনের মূল শক্তি।

এই অর্জনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক নৌ-পথে নিজের অবস্থান আরও সুদৃঢ় করল, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ ও আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে।

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৮   ৪৯ বার পঠিত  |