লন্ডন    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » শেরপুরের সীমান্তে সিন্ডিকেটের সক্রিয়তার কারণে এলাকাটি চোরাচালানের অভয়ারণ্যে পরিণত হয়েছে

শেরপুরের সীমান্তে সিন্ডিকেটের সক্রিয়তার কারণে এলাকাটি চোরাচালানের অভয়ারণ্যে পরিণত হয়েছে


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শেরপুরের সীমান্তে সিন্ডিকেটের সক্রিয়তার কারণে এলাকাটি চোরাচালানের অভয়ারণ্যে পরিণত হয়েছে

রাকিবুল হাসান, ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধিঃ

 

শেরপুরের সীমান্তে প্রতিনিয়ত ভারতের বিপুল পরিমান মাদক সহ কসমেটিকস পণ্য বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তৎপর থাকলেও চোরাকারবারিদের সিন্ডিকেট যেন থামছেই না। বিজিবির অভিযান অব্যাহত থাকলেও চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আজ শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে এসব সাবান জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়।

 

বিজিবি জানিয়েছে, জব্দ করা সাবানগুলোর  বাজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:৫৫:২৬   ১৯ বার পঠিত  |