লন্ডন    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


 

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা বালুর মাঠ থেকে উজিরপুরের সাতলা যাতায়াতের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। আর সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি রূপ নেয় নাজেহাল অবস্থায়। যে কারণে  প্রতিনিয়ত যানবাহন উল্টে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও দীর্ঘদিন ধরে কোনো সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করলে এবং দুর্ঘটনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত স্থানীয় জনসাধারণ নিজেরাই উদ্যোগ নেন। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী ও ‘কল্লোল পল্লীমঙ্গল তরুণ সংঘ’ এর যৌথ উদ্যোগে চাঁদা তুলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। এই উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

​তবে উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যক্তি উদ্যোগে সংগৃহীত সীমিত তহবিল দিয়ে পুরো রাস্তার সংস্কারকাজ শেষ করা সম্ভব নয়। সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে জরুরী সরকারি অর্থ বরাদ্দ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


বাংলাদেশ সময়: ১৬:০১:৩৯   ৭৬ বার পঠিত  |