আপনার এলাকার খবর
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় সড়ক না থাকায় দেরী করে হাসপাতালে যাওয়ায় রোগীর মৃত্যু

আগৈলঝাড়ায় সড়ক না থাকায় দেরী করে হাসপাতালে যাওয়ায় রোগীর মৃত্যু


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


আগৈলঝাড়ায় সড়ক না থাকায় দেরী করে  হাসপাতালে যাওয়ায় রোগীর মৃত্যু

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সড়ক যোগাযোগের বেহাল অবস্থার কারণে আবারও ঝরে গেল একটি প্রাণ। দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে পরেছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামের মোনাই অধিকারী (৬০) নামের এক ব্যক্তি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পরলে শুক্রবার রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু গ্রামের সঙ্গে মূল সড়কের কোনো সংযোগ রাস্তা না থাকায় রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, বাধ্য হয়ে রোগীকে বাঁশের সঙ্গে নেট বেঁধে কয়েকজন মিলে প্রায় দেড় কিলোমিটার পথ কাদা ও পানির মধ্য দিয়ে বহন করে মূল সড়কে আনেন। পরে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেন। শনিবার দুপুরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি ও বিভিন্ন নির্বাচনী প্রার্থীরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়নের মুখ দেখেনি। ভোটের সময় নানা আশ্বাস দেওয়া হলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ নেয়না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

গ্রামবাসীরা বলেন, একটি রাস্তার অভাবে আজ একজন মানুষের প্রাণ গেল। অসুস্থ রোগী, গর্ভবতী নারী কিংবা শিক্ষার্থীদের এই রাস্তার কারণে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত একটি রাস্তা নির্মাণ না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এব্যাপারে পশ্চিম জলিরপাড় গ্রামের সঞ্জয় হালদার, মালা হালদার ও গোলাপী হালদার জানান, বেশী ভোগান্তিতে পরতে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায়না, নৌকাও চলেনা। এই এলাকায় শিক্ষার্থীরা কোদালধোয়া প্রাথমিক, মাধ্যমিক ও পূর্ব জলিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে ও সন্তানসম্ভবা গৃহবধূরা অসুস্থ হয়ে পরলে বেশী ভোগান্তিতে পরতে হয়। ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তার করার প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে আর আমাদের কোন সংবাদ নেয়না। এলাকাবাসী দ্রুত সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বাকাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ইউএনও স্যার আমাকে বলেছেন মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আপনারা স্থানীয়ভাবে মাটির কাজ করে দিলে আমি হেরিংবন্ড’র কাজ করে দেব।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়া প্রয়োজন সে জায়গাটি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫২   ৮২ বার পঠিত  |




বরিশাল থেকে আরও...


● ইউএনও’র কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলন
● আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
● আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
● আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
● আগৈলঝাড়ায় বৃক্ষরোপন কর্মসূচি: রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি



আর্কাইভ