![]()
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে ১৯২ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আবুল হোসেন উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানকালে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৭৬০ কেজি ওজনের ১৯২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জিরা, ট্রাক ও আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৮:২০ ২৮ বার পঠিত |