লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » জাতীয় » শর্ত সাপেক্ষে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংক

শর্ত সাপেক্ষে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংক


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


শর্ত সাপেক্ষে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংক

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দেওয়ার প্রচলিত যে নিয়ম তা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দিতে পারবে। কর্মীদের মধ্যে কাজে উৎসাহ জোগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারবে। এমনকি মূলধন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকের বিলম্বে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সুবিধার প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় আসবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকে মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:১৪:১৫   ২৯ বার পঠিত  |