লন্ডন    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ মে ২০২৬
প্রথম পাতা » জাতীয় » ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার জিয়া উদ্যানে মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক না কেন, সম্পর্ক একই থাকবে। ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই”।

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে”।

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না”।

বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এমপি গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নেওয় উপলক্ষে কর্মসূচি করে ঢাকা জেলা ও দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, “সংরক্ষিত নারী আসনে আমাকে মূল্যায়ন করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ। একইসঙ্গে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিলেন, বিশেষ করে ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের কাছেও কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি তার প্রতিদান দিতে চাই”।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি, আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা, তমিজ উদ্দিন, তাঁতী দলের হিরা হোসেনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১১:৫২:৩৬   ৫৮ বার পঠিত  |